স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের একটি অপহরণ মামলায় ২ জনকে দোষী সাব্যস্তে ১ জনকে যাবজ্জীবন ও অপর জনের ১৪ বছর এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেছে আদালত। মঙ্গলবার বিকেল ৩ টায় নারী-শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমএ নুর এই রায় ঘোষনা করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শালঘরিয়া গ্রামের মন্মথ মন্ডলের পুত্র নিরঞ্জন চন্দ্র মন্ডল (২৫) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর গ্রামের সুরেন্দ্রনাথের পুত্র নিখিল চন্দ্র (৩০)।
ঘটনার অভিযোগ জানা যায়, গত ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারী বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার শালঘরিয়া গ্রামের সুজন চন্দ্র সাহা স্কুল পড়ুয়া কন্যা চম্পা রানী (১৪) বাড়ীর সামনে ঘুরা ফেরা করছিল। এমন সময় আসামী নিরঞ্জন চন্দ্র মন্ডল ও নিখিল চন্দ্র তাদের সহযোগীদের নিয়ে চম্পা রানীকে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাস যোগে রংপুরে নিয়ে যায়। এঘটনায় ৬ জনকে আসামী করে অপহৃতার পিতা সুজন চন্দ্র সাহা বাদী হয়ে বিরামপুর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ ঘটনার পর রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে অপহৃতাকে উদ্ধার এবং আসামী নিরঞ্জন ও নিখিলকে গ্রেফতার করে।
এই মামলার বিচারে সাক্ষ্য প্রমানে আসামী নিরঞ্জন ও নিখিলকে দোষীসাব্যস্তে বিচারক উপরোক্ত কারাদন্ডে দন্ডিত করার রায় ঘোষনা করেন।
অভিযোগ প্রমাণীত না হওয়ায় মামলার অপর আসামী নির্মল চন্দ্র, মালা রানী, অমল চন্দ্র ও মানিক চন্দ্রকে মামলার অভিযোগ থেকে খালাস দেয়া হয়।
মামলাটি বাদী পক্ষে পিপি দেলোয়ার হোসেন এবং আসামী পক্ষে এ্যাডভোকেট খালেকুজ্জামান চৌধুরী পরিচালনা করেন।



it’s very shame news for our lovley city dinajpur